চলতি মৌসুমে জার্মান লিগ বুন্দেসলিগায় প্রথমবারের মতো হারের স্বাদ পেয়েছে বায়ার্ন মিউনিখ। শনিবার অবনমনের শংকায় থাকা অগসবুর্গের কাছে ২-১ গোলের অপ্রত্যাশিত হারের পর দলটির স্ট্রাইকার হ্যারি কেইন স্বীকার করেছেন, শক্তির ঘাটতি ও নিষ্প্রভ পারফরম্যান্সের কারণেই ‘শাস্তি’ পেতে হয়েছে তাদের।
মার্চের পর এটি বায়ার্নের প্রথম লিগ হার। শীর্ষে থাকা দলটি এর আগে মৌসুমে সম্ভাব্য ৫৪ পয়েন্টের মধ্যে মাত্র চার পয়েন্ট হারিয়েছিল। অগসবার্গের বিপক্ষে ম্যাচের ২৩ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। হিরোকি ইতোর হেডে আলিয়াঞ্জ এরেনায় লিড নেয় স্বাগতিউকরা। তবে বিরতির পর দ্রুত দৃশ্যপট পাল্টে যায়। অগসবুর্গের আর্থার চাভেস ও হান-নোয়া মাসেঙ্গো অল্প সময়ের (৬ মিনিট) ব্যবধানে দুটি গোল করে ম্যাচ নিজেদের করে নেন।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি বায়ার্নের দ্বিতীয় হার এবং বুন্দেসলিগায় ২৭ ম্যাচের অপরাজেয় ধারার সমাপ্তি ঘটল। তবুও লিগ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে রয়েছে।
ম্যাচ শেষে তারকা ফরোয়ার্ড কেইন বলেন, ‘আমরা কোনো অজুহাত দাঁড় করাব না, ওরাই জয়ের যোগ্য ছিল। আমাদের ঘাটতি ছিল, বল নিয়ে আমরা স্বাভাবিক ছন্দে খেলতে পারিনি। ওরা (অগসবার্গ) বেশি চাপ সৃষ্টি করেছে এবং আমাদের জন্য ম্যাচটা কঠিন করে তুলেছে।’
ইতিমধ্যে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে বায়ার্ন। বুধবার পিএসভি আইন্দহোফেনের বিপক্ষে মাঠে নামবে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা।