মেক্সিকোর ক্লাব রায়াদোস দে মনতেরেইয়ের সঙ্গে চুক্তি বাতিলের পর থেকেই ফ্রি এজেন্টে আছেন সার্জিও রামোস। সাম্প্রতিক দিনগুলোতে লা লিগার ক্লাব সেভিয়া কেনার গুঞ্জনে আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি এই ডিফেন্ডার। তবে আপাতত মালিকানা নয়, বরং খেলোয়াড় হিসেবেই নিজের পুরোনো ক্লাবে ফেরার সম্ভাবনাই বেশি, এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা এসইআর।
লা লিগায় চলতি মৌসুমে বেশ ছন্দপতনে আছে সেভিয়া। বিশেষ করে রক্ষণভাগে তাদের পারফরম্যান্স উদ্বেগজনক। সবশেষ মায়োর্কার বিপক্ষে চার গোল হজম করেছে আন্দালুসিয়ান ক্লাবটি। চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত সেভিয়ার জালে ৩৭ বার বল পাঠিয়েছে প্রতিপক্ষরা, যা পুরো লিগে সবচেয়ে বাজে রক্ষণাত্মক রেকর্ড। এই পরিস্থিতিতে রক্ষণ সমস্যার সমাধানে নতুন করে ভাবতে শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ।
এই সংকটময় সময়ে অভিজ্ঞ উদ্ধারকর্তা হিসেবে সার্জিও রামোসের দিকেই তাকাচ্ছে সেভিয়া। কাদেনা এসইআর-এর প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাবটি তাদের সাবেক অধিনায়ককে ফেরানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ৩৯ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডার ইউরোপীয় ফুটবলে ফেরার আগ্রহ দেখালেও এখনো নতুন কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হননি।
রামোসের আগ্রহ শুধু বোর্ডরুমে সীমাবদ্ধ নয়, মাঠেও দলকে সাহায্য করতে চান তিনি। ২০২৩-২৪ মৌসুমে পিএসজি ছাড়ার পর শৈশবের ক্লাবে ফেরেন রামোস, এরপর মেক্সিকোর লিগে পাড়ি জমান। মনতেরেইয়ের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকে তিনি একাই অনুশীলন চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে নাকি সেভিয়া কেনার উদ্দেশ্যে একটি ‘লেটার অব ইনটেন্ট’-এ সই করেছেন রামোস। যদিও পুরো মালিকানা প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক মাস সময় লাগতে পারে। প্রায় ৪০০ মিলিয়ন ইউরোর এমন প্রস্তাব মালিকানা দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে।
নিয়ম অনুযায়ী, যদি রামোস আনুষ্ঠানিকভাবে ক্লাবের মালিক হতেন, তাহলে খেলোয়াড় হিসেবে মাঠে নামা তার পক্ষে সম্ভব হতো না। তবে যেহেতু মালিকানা চুক্তি এখনো সম্পন্ন হয়নি, তাই ফ্রি এজেন্ট হিসেবে শীতকালীন দলবদলের জানালা বন্ধ থাকার পরও সেভিয়ায় যোগ দেওয়ার সুযোগ রয়েছে তার। মজার বিষয় হলো, সেভিয়ার স্কোয়াডেও বর্তমানে একটি খালি জায়গা আছে।