রোববার রাতেই বাংলাদেশ ছেড়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, এছাড়া কোনো রিটার্ন টিকিটও করেননি তিনি। এমনকি ফিরবেন বাংলাদেশের জাতীয় নির্বাচনের পর। এমন খবরে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি আজ পা রেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে।
দেশের ক্রিকেটে স্মরণকালের সবচেয়ে কঠিন সময় চলছে। নিরাপত্তা শঙ্কা হোক আর যা-ই হোক না কেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের। এর মাঝে বোর্ড পরিচালকদের মধ্যে একজনের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তিনি অডিট কমিটি থেকে পদত্যাগও করেছেন। বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগ করেছেন। অন্যান্য পরিচালকদের গণমাধ্যমের সামনে একের পর এক বেফাঁস মন্তব্যে বেশ চাপেই ছিল বিসিবি। মাঝে বিপিএলের ম্যাচও বয়কট করেছিলেন ক্রিকেটাররা।

বিসিবির এমন টালমাটাল পরিস্থিতিতে বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন ওঠে। তবে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, বাংলাদেশেই আছেন আমিনুল ইসলাম বুলবুল। তবে সব খবরকে অসত্য প্রমাণ করে দিয়ে তিনি আজ বিসিবিতে পা রেখেছেন। সকাল ১১টা নাগাদ তিনি মিরপুরে বিসিবি কার্যালয়ে আসেন।