টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী দল। এবার মাঠের লড়াইয়েও নিজেদের দাপটের প্রমাণ দিল নিগার সুলতানা জ্যোতির দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স ম্যাচে স্কটল্যান্ডকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শক্ত অবস্থান জানান দিল টাইগ্রেসরা।
শুক্রবার (৩০ জানুয়ারি) নেপালের কীর্তিপুরের ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের বড় সংগ্রহ করে তারা। উদ্বোধনী জুটিতে দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস ৬৭ রান যোগ করে দারুণ সূচনা এনে দেন। দিলারা ৩৯ ও জুয়াইরিয়া ২২ রান করে ফিরলেও এরপর ইনিংসের নিয়ন্ত্রণ নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি।
অধিনায়ক জ্যোতি ৩৫ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৬ রানের ঝকঝকে হাফসেঞ্চুরি করেন। অপর প্রান্তে সোবহানা মোস্তারি ২৩ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলে স্কোরবোর্ড আরও সমৃদ্ধ করেন।
এই ম্যাচে করা ১৯১ রান টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০২৪ নারী এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষেও সমান ১৯১ রান করেছিল বাংলাদেশ। বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৫৫ রান, যা এসেছিল মালদ্বীপের বিপক্ষে। পাশাপাশি ৯০ রানের এই জয়টি রানের ব্যবধানে বাংলাদেশের তৃতীয় বড় জয়।
১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। ইনিংসের প্রথম বলেই ডার্সি কার্টারকে ফিরিয়ে দেন পেসার মারুফা আক্তার। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা স্কটিশ ব্যাটাররা বড় লক্ষ্যের চাপ সামলাতে পারেননি। দলের পক্ষে আট নম্বরে নামা পিপা স্প্রাউল সর্বোচ্চ ২৭ রান করেন, মেগান ম্যাককল যোগ করেন ২০ রান।
বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০১ রানেই থামে স্কটল্যান্ডের ইনিংস। বল হাতে মারুফা আক্তার নেন ৩টি উইকেট, আর স্বর্ণা আক্তার শিকার করেন ২টি উইকেট। বড় এই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের আধিপত্য আরও একবার স্পষ্ট হলো।