স্প্যানিশ ঘরোয়া কাপ কোপা দেল রেতে আরেক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। আগের রাউন্ডে রিয়াল মাদ্রিদকে বিদায় করে আলোচনায় আসা আলবাসেতের বিপক্ষে কাগজে-কলমে সহজ ম্যাচের কথা থাকলেও বাস্তবে কঠিন পরীক্ষার মুখে পড়ে কাতালানরা। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে হান্সি ফ্লিকের দল।
মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের নিয়ন্ত্রণে ছিল বার্সেলোনাই। ৭২ শতাংশ বল দখলে রেখে তারা আধিপত্য দেখিয়ে ১৬টি শট নেয়, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থতায় জয় নিশ্চিত করতে শেষ বাঁশি পর্যন্ত ঘাম ঝরাতে হয় তাদের। অন্যদিকে আলবাসেত ৭টি শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সফরকারীরা। ম্যাচের সপ্তম মিনিটে মার্কাস রাশফোর্ডের শট লক্ষ্যভ্রষ্ট হলেও একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখে বার্সা। কাঙ্ক্ষিত গোল পেতে অপেক্ষা করতে হয় ৩৯ মিনিট পর্যন্ত। রাশফোর্ড ও ফ্রাংকি ডি ইয়ংয়ের তৈরি করা আক্রমণ থেকে ভলিতে দারুণ ফিনিশে দলকে এগিয়ে দেন লামিন ইয়ামাল। টানা চার ম্যাচে গোল করলেন ১৮ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড।
বিরতির পরও খেলার নিয়ন্ত্রণে রাখে বার্সেলোনা। ৫৬ মিনিটে কর্নার থেকে পাওয়া বল হেডে জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্ড আরায়ো। চলতি মৌসুমে ক্লাবের হয়ে এটি উরুগুইয়ান ডিফেন্ডারের তৃতীয় গোল। তবে রবার্ট লেভানডস্কির একাধিক সুযোগ নষ্ট করায় ম্যাচ সহজ করার সুযোগ হাতছাড়া করে কাতালানরা।
শেষ দিকে ম্যাচে ফেরার চেষ্টা চালায় আলবাসেত। ৮৩ মিনিটে একটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও ৮৭ মিনিটে হাভিয়ের মোরেনো হেডে গোল করে ব্যবধান কমান। যোগ করা সময়ে ফেররান তরেসের একটি গোলও অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয়। একেবারে শেষ মুহূর্তে গোললাইন থেকে দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া।
সব চাপ সামলে শেষ পর্যন্ত জয় ধরে রেখেই কোপা দেল রের সেমিফাইনালে জায়গা করে নিল বার্সেলোনা।