টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট নিয়ে এবার মুখ খুলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বর্জনের সিদ্ধান্তের পেছনে বাংলাদেশের প্রতি সংহতিই মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন।
বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান কোনোভাবেই ভারতের বিপক্ষে খেলবে না। খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অত্যন্ত ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘ভারতের ক্রিকেট-সংক্রান্ত নীতি অগ্রহণযোগ্য। সে কারণেই বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আমরা সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছি। এটি একটি উপযুক্ত ও ন্যায্য সিদ্ধান্ত।
বাংলাদেশকে এবারের বিশ্বকাপ থেকে বাদ দেয়ার পর স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। বাংলাদেশ সরকার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দলকে ভারতে যেতে অনুমতি দেয়নি এবং শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল। তবে আইসিসি বোর্ডের ভোটে সে প্রস্তাব নাকচ হয়ে যায়। ওই ভোটে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানও সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেয়।
পিসিবি চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এর আগে এই সিদ্ধান্তকে আইসিসির ‘দ্বৈত মানদণ্ড’ বলে উল্লেখ করেছিলেন। তার যুক্তি ছিল, এক দেশের ক্ষেত্রে ভিন্ন নিয়ম আর অন্য দেশের ক্ষেত্রে ভিন্ন আচরণ গ্রহণযোগ্য নয়।
সূত্র: উর্দু পয়েন্ট ও এনডিটিভি।