ক্রিস্টিয়ানো রোনালদো নেই, কিন্তু আল নাস্রের জয় থেমে নেই। টানা দ্বিতীয় ম্যাচে পর্তুগিজ মহাতারকাকে মাঠে না নামিয়েও গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে রিয়াদের ক্লাবটি। এতে একদিকে যেমন শিরোপা দৌড়ে তাদের অবস্থান আরও শক্ত হলো, অন্যদিকে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে জল্পনাও নতুন করে মাথাচাড়া দিল।
শুক্রবার রাতে আল-আওয়াল পার্কে সৌদি প্রো লিগের হাইভোল্টেজ ম্যাচে আল ইত্তিহাদকে ২-০ গোলে হারিয়েছে আল নাস্র। ম্যাচের শেষ ভাগে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন সেনেগালের তারকা সাদিও মানে। এরপর ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল।
রোনালদো স্কোয়াডে না থাকলেও আক্রমণে কোনো ঘাটতি দেখা যায়নি আল নাসরের খেলায়। ম্যাচজুড়ে ১৬টি শট নেয় তারা, যার পাঁচটি ছিল লক্ষ্যে। প্রতিপক্ষকে চাপে রেখেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখে স্বাগতিকরা।
তবে মাঠের বাইরের আলোচনাটা ঘুরছে রোনালদোকে ঘিরেই। সৌদি গণমাধ্যমগুলোর দাবি, জানুয়ারির দলবদলে আল নাসরের নিষ্ক্রিয়তা নিয়ে অসন্তুষ্ট এই তারকা। প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলো শক্তি বাড়ালেও আল নাসর নতুন খেলোয়াড় না আনায় হতাশ রোনালদো! এ কারণেই নাকি টানা দুই ম্যাচে বাইরে তিনি। আগের সপ্তাহে আল রিয়াদের বিপক্ষেও তাকে ছাড়াই ১-০ গোলে জিতেছিল দল।
অন্যদিকে, আল ইত্তিহাদের জন্য এটি ছিল হতাশার রাত। লিগে টানা তিন ম্যাচ অপরাজিত থাকার পর আবারও হার দেখতে হলো তাদের। করিম বেনজেমা আল হিলালে যোগ দেওয়ার পর আক্রমণে স্পষ্ট ভাটা পড়েছে গতবারের চ্যাম্পিয়নদের খেলায়। পুরো ম্যাচে তারা মাত্র পাঁচটি শট নিতে পেরেছে, যার একটিই লক্ষ্যে ছিল।
এই জয়ে লিগে টানা ছয় ম্যাচ জিতল আল নাসর। ২০ ম্যাচে ১৬ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট এখন ৪৯। শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে ব্যবধান কমে এসেছে মাত্র এক পয়েন্টে। অন্যদিকে, শিরোপা লড়াই থেকে অনেকটাই ছিটকে পড়া আল ইত্তিহাদ ৩৪ পয়েন্ট নিয়ে রয়েছে সপ্তম স্থানে।
রোনালদো মাঠে ফিরবেন কবে? সেই প্রশ্ন থাকছেই। তবে আপাতত একটাই বাস্তবতা হলো, তাকে ছাড়াও জয়ের পথে ছুটে চলেছে আল নাস্র।