এক বছর আগে নাটকীয়ভাবে ভাগাভাগি হয়েছিল শিরোপা। আজ আর কোনো ভাগ নয়, মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে একক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। ফাইনালে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। নেপালের পোখারায় বেলা ৩টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।
২০২৪ সালের সেই অবিশ্বাস্য ফাইনালের স্মৃতি এখনো টাটকা। ঢাকার কমলাপুরে নির্ধারিত সময় ও টাইব্রেকার দুটোতেই ১১-১১ সমতায় থাকার পর বাংলাদেশ ও ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। ঠিক এক বছর পর আবার সেই দুই দল মুখোমুখি, তবে এবার গল্পটা ভিন্নভাবে লিখতে চায় লাল-সবুজের মেয়েরা।
এই টুর্নামেন্টে আত্মবিশ্বাসের বড় রসদ পেয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বেই ভারতকে ২-০ গোলে হারিয়েছে তারা। সেই জয়ের স্মৃতি ফাইনালের আগে বাড়তি অনুপ্রেরণা হলেও বাস্তবতা নিয়ে সতর্ক কোচ পিটার বাটলার।
অনুশীলন পরিস্থিতি ও ইনজুরি নিয়ে কিছুটা চিন্তায় বাংলাদেশ শিবির। বাটলার জানান, অনুশীলনের মাঠ খেলার উপযোগী না হওয়ায় ইচ্ছাকৃতভাবেই অনুশীলন কম রেখেছেন তারা। এতে বেশ কয়েকজন খেলোয়াড় চোট পেয়েছে বলেও জানান তিনি। কোচের ভাষায়,
‘আমার প্রধান লক্ষ্য একটি সুস্থ দল মাঠে নামানো। ফলাফলের আগে খেলোয়াড়দের সুস্থতা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
ভারত সম্পর্কে স্পষ্ট ধারণা আছে বলেও জানিয়েছেন বাটলার। তার মতে, প্রতিপক্ষের দলে বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার রয়েছে এবং ফাইনাল জিততে হলে বাংলাদেশকে নিজেদের সেরা অবস্থায় থাকতে হবে।
চোটের কারণে পুরো টুর্নামেন্টজুড়েই দল নিয়ে কিছুটা পরীক্ষা-নিরীক্ষা করতে হয়েছে বাংলাদেশ কোচকে। তাই ফাইনালে রিজার্ভ বেঞ্চের গভীরতাকেই বড় ফ্যাক্টর মনে করছেন তিনি। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বাংলাদেশ ও ভারতের ফাইনাল লড়াইয়ের ইতিহাসও বেশ রোমাঞ্চকর। ২০২১ সালে বাংলাদেশ জিতেছিল ১-০ গোলে। এরপরের বছর যৌথ চ্যাম্পিয়ন হয় দুই দল। আজকের ম্যাচে বাংলাদেশের সামনে সুযোগ, পুরোনো স্মৃতিকে ছাপিয়ে এককভাবে সেরা হওয়ার।
পোখারার মাঠে আজ শুধু একটি ট্রফিই নয়, লড়াইটা হবে আত্মপরিচয় আর ধারাবাহিকতারও