হাঁটুর অস্ত্রোপচারের পর মাঠে ফিরেছেন নেইমার। অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন নিয়মিতই। কিন্তু ফিটনেস আর ম্যাচ শার্পনেস, দুটোই যে এখনো পুরোপুরি ফেরেনি; সেটাও মানছেন সান্তোস কোচ জোয়ান পাবলো। তাই আসন্ন ম্যাচে নেইমারের ফেরার গুঞ্জন থাকলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
নোরোয়েস্তের বিপক্ষে ম্যাচেই নেইমারের মাঠে ফেরার সম্ভাবনার কথা শোনা গেলেও কোচ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বড় ছবিটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামনে জুন-জুলাইয়ে বিশ্বকাপ। ষষ্ঠ শিরোপার স্বপ্নে নামবে ব্রাজিল, আর সেই মিশনে সেলেসাওদের সর্বোচ্চ গোলদাতাকে সুস্থ ও পূর্ণ ফর্মে চাই সবারই।
২২ ডিসেম্বরের পর থেকে খেলার বাইরে নেইমার। গত বৃহস্পতিবার পাঁচ ফেব্রুয়ারিতে ৩৪ বছরে পা রাখা এই তারকা ফরোয়ার্ড সফল আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের পর আবার সান্তোসের অনুশীলনে ফিরেছেন। তবে ম্যাচে ফেরার জন্য এখনও সময় দিতে চান কোচ।
জোয়ান পাবলোর কথায়, ‘সে দলে ফিরেছে ঠিকই, কিন্তু তার মতো একজন খেলোয়াড় যে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যের জন্য প্রস্তুতি নিচ্ছে। তার জন্য সেরা শেইপে ফেরা খুব জরুরি। আমরা তাড়াহুড়ো করব না।’
পাবলো আরও জানান, নেইমার নিজের প্রস্তুতিতে শতভাগ মনোযোগী। গত মৌসুমে সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে বড় ভূমিকা রেখেছিলেন নেইমার। তবে এই মুহূর্তে তার মনোযোগ বেশি জাতীয় দলে ফেরার দিকে। ২০২৩ সালের অক্টোবরে সবশেষ ব্রাজিলের জার্সিতে খেলেছিলেন তিনি।
বিশ্বকাপের আগে নেইমারের প্রত্যাবর্তন নিয়ে তাড়াহুড়োর বদলে ধৈর্যকেই বেছে নিচ্ছে সান্তোস। কারণ সবাই জানে, সুস্থ নেইমার মানেই ব্রাজিলের স্বপ্ন আরও উজ্জ্বল।