পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইতিহাস গড়ল মুলতান ফ্র্যাঞ্চাইজি। রেকর্ড ২৪৫ কোটি পাকিস্তানি রুপিতে দলটি কিনে নিয়েছে মিডিয়া, প্রযুক্তি ও আর্থিক খাতে কাজ করা প্রতিষ্ঠান ওয়ালি টেকনোলজিস।
লাহোরে অনুষ্ঠিত নিলামে দশ বছরের জন্য মুলতানের মালিকানা পায় ওয়ালি টেকনোলজিস। পিএসএলের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া কোনো ফ্র্যাঞ্চাইজি।
দল কেনার পরপরই বড় চমকের ইঙ্গিত দেন নতুন মালিকপক্ষ। ওয়ালি টেকনোলজিসের প্রধান নির্বাহী জানান, তারা মুলতানের নাম পরিবর্তনের কথা ভাবছেন। তিনি বলেন, ‘চমকের জন্য প্রস্তুত থাকুন, আমরা রাওয়ালপিন্ডির দিকেই এগোচ্ছি।’
রেকর্ড দামে ফ্র্যাঞ্চাইজি কেনায় ওয়ালি টেকনোলজিসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রেসিডেন্ট মহসিন নাকভি। একই সঙ্গে মুলতান সুলতানস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নাজাম শেঠির অবদানের কথাও স্মরণ করেন তিনি।
নাকভি বলেন, ‘মুলতান সুলতানস নাজাম শেঠি সাহেবের হাত ধরেই যাত্রা শুরু করেছিল। যিনি এই দলের ভিত্তি গড়ে দিয়েছেন, আজ তিনি আমাদের সঙ্গে আছেন, এটা আমাদের জন্য আনন্দের।’
আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের পরবর্তী নিলাম।