স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সভাপতি নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে। জোয়ান লাপোর্তার পদত্যাগের মাধ্যমে শুরু হয়েছে নতুন নির্বাচন প্রক্রিয়া। লাপোর্তা আবারও প্রার্থী হয়েছেন, তার প্রধান প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্ট। তবে এই লড়াইয়ে নিজের অবস্থান স্পষ্ট করে নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও স্পোর্টের বরাতে ইয়াহু স্পোর্টস জানিয়েছের এবারের নির্বাচনে ভোট দেবেন না মেসি। শুধু তাই নয়, কোনো প্রার্থীর পক্ষেও প্রকাশ্যে বা আড়ালে অবস্থান নেবেন না তিনি। নির্বাচনী প্রক্রিয়ায় তার সামান্য ইঙ্গিতও বড় প্রভাব ফেলতে পারে, এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত।
সভাপতি নির্বাচনের দৌড়ে সাবেক খেলোয়াড় ও কোচদের ভূমিকা নিয়ে আলোচনা চলছে। সাবেক কোচ জাভি হার্নান্দেজ প্রকাশ্যে ভিক্টর ফন্টের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে মেসি শুরু থেকেই ছিলেন নীরব। এবার জানা গেল, তিনি কোনো প্রার্থীর সঙ্গেই সাক্ষাৎ করবেন না। এমনকি ফন্টের সঙ্গেও নয়, যদিও ফন্ট আগেই ঘোষণা দিয়েছেন, নির্বাচনে জিতলে প্রথম ফোনটি করবেন মেসিকেই।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমান প্রার্থী জোয়ান লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক কার্যত বিচ্ছিন্ন। তারপরও ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। অতীতে বার্সেলোনার নির্বাচনে নিয়মিত ভোট দিয়েছেন মেসি। সেই বিবেচনায় এটি তার অবস্থানে বড় পরিবর্তন।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। সক্রিয় ফুটবল ক্যারিয়ার ও যুক্তরাষ্ট্রে ব্যস্ত জীবনের কারণেই এবার বার্সেলোনার অভ্যন্তরীণ রাজনীতি থেকে দূরে থাকছেন তিনি। ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে বলেও প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।
বার্সেলোনার নির্বাচন সামনে রেখে যখন ক্লাব রাজনীতি উত্তপ্ত, তখন বিশ্বের অন্যতম প্রভাবশালী ফুটবলারের এই নিরপেক্ষ অবস্থান নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রেই থাকবে।