টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই ম্যাচে দুই জয় পেয়েছে নিউজিল্যান্ড, তবে দলের জন্য এসেছে বড় দুঃসংবাদ। চোটে পড়ার কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন কিউই অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে। ব্রেসওয়েলের জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন অফ-স্পিন অলরাউন্ডার কোল ম্যাকননি।
গত মাসে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পায়ের পেশিতে চোট পেয়েছিলেন ব্রেসওয়েল। ওই ম্যাচে তিনি অপরাজিত ২৮ রান করেছিলেন, কিন্তু ফিল্ডিংয়ে নামতে পারেননি। পরে ভারতের সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি তিনি।
চলতি আসরে প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় পেয়েছে নিউজিল্যান্ড। এই দুই ম্যাচেও খেলতে পারেননি ব্রেসওয়েল। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, পায়ের পেশি সেরে উঠলেও গত রোববার (৮ ফেব্রুয়ারি) ওয়ার্ম-আপের সময় আবার চোট পেয়েছেন তিনি। এর আগে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও ডান অ্যাকিলিসে চোটের কারণে অংশ নিতে পারেননি ব্রেসওয়েল; তখন অস্ত্রোপচার করতে হয়েছিল।
ব্রেসওয়েলের জায়গায় দলে ডাক পেয়েছেন ৩৪ বছর বয়সি কোল ম্যাকননি। নিউজিল্যান্ডের হয়ে ১২টি টি-টোয়েন্টি খেলে তিনি ৭টি উইকেট নেন। এ ছাড়া ছয়টি ওয়ানডেও খেলেছেন তিনি।