চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। দলের অন্যতম তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা হ্যামস্ট্রিং চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন। এমন দুঃসংবাদই লঙ্কান শিবিরে বেশ উদ্বেগ ছড়িয়েছে। হাসারাঙ্গার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন লেগ-স্পিনার দুশান হেমন্ত।
কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে বল হাতে দারুণ ছন্দে ছিলেন হাসারাঙ্গা। সেই ম্যাচে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তুলে নেন তিনি। কিন্তু ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান। পরবর্তী মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হয়, বিশ্বকাপের বাকি অংশে আর মাঠে নামতে পারছেন না এই লেগ-স্পিন অলরাউন্ডার।
হাসারাঙ্গার অনুপস্থিতি নিঃসন্দেহে শ্রীলঙ্কা দলের জন্য বড় শূন্যতা সৃষ্টি করবে। মাঝের ওভারে উইকেট নেওয়া এবং প্রয়োজনে ব্যাট হাতে ঝড় তোলার ক্ষমতা- উভয় ক্ষেত্রেই তিনি ছিলেন দলের নির্ভরযোগ্য খেলোয়াড়।
বিপর্যয়ের মাঝেও নতুন সম্ভাবনার নাম দুশান হেমন্ত। ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমোদন সাপেক্ষে ৩০ বছর বয়সী এই লেগ-স্পিনারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া হেমন্ত এখন পর্যন্ত মাত্র তিনটি ম্যাচ খেলেছেন। বল হাতে বৈচিত্র্য আনার পাশাপাশি নিচের সারিতে কার্যকর ব্যাটিং করার ক্ষমতাও রয়েছে তার।
বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণের সুবর্ণ সুযোগ পাচ্ছেন হেমন্ত, তবে হাসারাঙ্গার অভাব তো অপূরণীয়।