দুই দল করাচি কিংস ও রাওয়ালপিন্ডির মধ্যে বিডিংয়ের লড়াই চলেছে বেশ কিছুক্ষণ। তবে শেষ পর্যন্ত জয়ী হয়েছে পাকিস্তান সুপার লিগের নতুন দল রাওয়ালপিন্ডি। ৩ কোটি পাকিস্তানি রুপিতে রিশাদ হোসেনকে দলে নিয়ে নিয়েছে তারা।
লাহোরের এক্সপো সেন্টারে আজ বুধবার দুপুরে শুরু হয়েছে পিএসএলের নতুন সংস্করণের নিলাম। স্পিনারদের মধ্যে প্রথমেই ওঠে রিশাদের নাম। লম্বা সময় কাড়াকাড়ির পর বাংলাদেশের তরুণ লেগ স্পিনারকে ৩ কোটি পাকিস্তানি রুপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩১ লাখ টাকা) বিনিময়ে দলে পেয়েছে রাওয়ালপিন্ডি।
পিএসএলে রিশাদের এটি দ্বিতীয় দল। গত বছর এই টুর্নামেন্টে লাহোর কালান্দার্সের হয়ে ৭ ম্যাচ খেলে তিনি নিয়েছিলেন ১৩ উইকেট। এবার দেখা যাবে নতুন জার্সিতে।
রিশাদের পুরোনো দল অর্থাৎ লাহোরের জার্সিতে দেখা যাবে মোস্তাফিজুর রহমানকে। সরাসরি চুক্তিতে কাটার মাস্টারকে দলভুক্ত করার জন্য ৬ কোটি ৪৪ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকা) খরচ করতে হয়েছে লাহোরের।
নিলামে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে রিশাদের আগে উঠেছিল মেহেদী হাসান মিরাজের নাম। তবে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। তাই অবিক্রিত থেকে যান অভিজ্ঞ এই অলরাউন্ডার। আগামী ২৬ মার্চ পর্দা উঠবে পিএসএলের।