পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম ডাকে নাম ওঠার পরও দল মেলেনি নাহিদ রানা আর পারভেজ হোসেন ইমনের। তবে দ্বিতীয় দফার ডাকেই ভাগ্য খুলেছে দুই তরুণ বাংলাদেশির।
গত মৌসুমে পেশোয়ার জালমির জার্সিতে খেলা নাহিদ রানাকে এবারও ফেরায়নি দলটি। প্রথম রাউন্ডে অবিক্রীত থাকায় নিয়ম অনুযায়ী তার ভিত্তিমূল্য কমে ৬০ লাখ পাকিস্তানি রুপিতে নেমে আসে। সেই সুযোগেই দ্বিতীয় দফায় তাকে দলে ভেড়ায় জালমি। অর্থাৎ অপেক্ষাটা লম্বা হলেও আস্থা কিন্তু অটুটই রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।
একই গল্প ইমনের ক্ষেত্রেও। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা এই তরুণ ওপেনারও প্রথম ডাকে দল পাননি। তবে দ্বিতীয় সুযোগে তাকে তুলে নেয় লাহোর কালান্দার্স। সেখানে তার সতীর্থ হচ্ছেন মোস্তাফিজুর রহমান। ইমনের ভিত্তিমূল্যও নেমে এসেছিল ৬০ লাখ রুপিতে, যা শেষ পর্যন্ত তার জন্য সুফল বয়ে আনে।
এর আগে নিলামের শুরুর দিকেই বড় চমক দেন রিশাদ হোসেন। নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি তাকে দলে নেয় ৩ কোটি পাকিস্তানি রুপিতে। ফলে এখন পর্যন্ত তিনজন বাংলাদেশি নিশ্চিত করেছেন এবারের পিএসএলে অংশগ্রহণ।