প্রিমিয়ার লিগে দুই ম্যাচই ছিল রেকর্ড আর শিরোপা দৌড়ের উত্তাপ। সান্ডারল্যান্ডকে হারিয়ে ভার্জিল ভ্যান ডাইকের ইতিহাস গড়া গোলে স্বস্তির জয় পেয়েছে লিভারপুল, আর ইতিহাদে ফুলহামকে উড়িয়ে দিয়ে শিরোপা লড়াইয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যানচেস্টার সিটি।
লিভারপুলের জয়ে ইতিহাস গড়েছেন ভার্জিল ভ্যান ডাইক। সান্ডারল্যান্ডের বিপক্ষে তার করা একমাত্র গোলেই ম্যাচ জেতে অলরেডরা। সেই গোলের মাধ্যমেই লিভারপুলের ইতিহাসে সর্বোচ্চ গোল করা ডিফেন্ডারের রেকর্ড নিজের করে নেন এই ডাচ অধিনায়ক। লিভারপুলের জার্সিতে এটি ছিল তার ২৬০তম ম্যাচ ও ২৩তম গোল।
এতদিন ২২ গোল নিয়ে এই তালিকার শীর্ষে ছিলেন ফিনল্যান্ডের সামি হাইপিয়া, যিনি ১৯৯৯ থেকে ২০০৯ পর্যন্ত ৩১৮ ম্যাচ খেলেছিলেন। ভ্যান ডাইকের এই মাইলফলক শুধু ব্যক্তিগত অর্জনই নয়, সাম্প্রতিক সময়ের ছন্দহীনতার মাঝেও লিভারপুলের জন্য বড় স্বস্তির খবর। দুই ম্যাচ আগে ম্যানচেস্টার সিটির কাছে হারের পর টানা দুই জয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে দলটি।
অন্যদিকে ইতিহাদ স্টেডিয়ামে দাপুটে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ফুলহামকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে পেপ গার্দিওলার দল।
প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিটি। অ্যান্তোনি সেমেনিও গোলের সূচনা করেন, পরে নিকো ও’রেইলি ও আর্লিং হলান্ড ব্যবধান বাড়ান। ম্যাচের ৩৯ মিনিটে হলান্ডের গোলটি ছিল বিশেষ মাইলফলক; সিটির হয়ে তার ১৫৩তম গোল, যার ফলে ক্লাব ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ গোলদাতার জায়গায় উঠে এসেছেন তিনি।
এই জয়ের ফলে ২৬ ম্যাচে সিটির পয়েন্ট দাঁড়িয়েছে ৫৩, এক ম্যাচ কম খেলে তিন পয়েন্টে এগিয়ে আছে আর্সেনাল। অন্যদিকে ২৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিভারপুল অবস্থান করছে টেবিলের ছয়ে।