ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম ট্রং ডং স্টেডিয়াম নির্মাণের কাজ। এই ভেন্যুটি ১ লাখ ৩৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন হবে এবং দেশের অলিম্পিক স্পোর্টস সিটি প্রকল্পের প্রধান কেন্দ্র হবে। পুরো প্রকল্পের খরচ ধরা হয়েছে প্রায় ২৮ বিলিয়ন পাউন্ড।
স্টেডিয়ামটি কেবল বড় ক্রীড়া অনুষ্ঠানই আয়োজন করবে না, সাংস্কৃতিক ও সামাজিক-রাজনৈতিক ইভেন্টেও ব্যবহৃত হবে। নকশায় প্রাচীন ভিয়েতনামের ডং সন ব্রোঞ্জ ড্রাম-এর প্রভাব থাকবে; যা শক্তি, ঐক্য এবং স্থায়িত্বের প্রতীক বহন করবে।
নির্মাতারা বলছেন, এটি আন্তর্জাতিক মানের একটি ভেন্যু হবে এবং বিশ্বের বড় স্টেডিয়ামের সমমানের। মরক্কোর হাসান দ্বিতীয় স্টেডিয়ামকে অতিক্রম করে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম হবে টং ডং স্টেডিয়াম।
স্টেডিয়ামে থাকবে বিশ্বের সবচেয়ে বড় রিট্র্যাকটেবল ছাদ, পরিবেশবান্ধব উপকরণ এবং জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি। পরিকল্পনা অনুযায়ী, এটি ভিয়েতনামকে ভবিষ্যতে বিশ্বকাপ, অলিম্পিক ও অন্যান্য বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের যোগ্য করে তুলবে।
গত ডিসেম্বরে স্টেডিয়ামের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।