স্প্যানিশ ঘরোয়া কাপ কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে এক দুঃস্বপ্নের রাত কাটিয়েছে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে ৪-০ গোলের বড় ব্যবধানে হার, আর সেই চারটি গোলই আসে প্রথমার্ধে, যেখানে বার্সার রক্ষণভাগ যেন মুহূর্তেই ভেঙে পড়ে।
ম্যাচের শুরু থেকেই তাল খুঁজে পায়নি কাতালানরা। আক্রমণে ধার ছিল না, মাঝমাঠে সমন্বয়ের অভাব, আর ডিফেন্সে বারবার ভুল- সব মিলিয়ে প্রথম ৪৫ মিনিটেই ম্যাচের রাশ পুরোপুরি অ্যাটলেটিকো মাদ্রিদের হাতে চলে যায়। বিরতির আগেই চার গোলের ধাক্কায় কার্যত দিশেহারা হয়ে পড়ে বার্সা।
তবু হাল ছাড়ছেন না বার্সা কোচ হানসি ফ্লিক। ম্যাচ শেষে তিনি অকপটে স্বীকার করেন, ‘প্রথম মিনিট থেকেই আমরা ছন্দে ছিলাম না। আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় আছে, কিন্তু সেটা হারার অজুহাত হতে পারে না।’
তবে পুরো ম্যাচকে একপেশে হিসেবে দেখতে নারাজ জার্মান এই কোচ। তার মতে, দ্বিতীয়ার্ধে দল কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। ‘বিরতির পর আমরা লড়াইয়ে ফিরেছিলাম। আমাদের সামনে এখনও ৯০ মিনিট বাকি। সেই সময়ে চার গোল শোধ করা অসম্ভব নয়,’—আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন তিনি।
আগামী ৩ মার্চ সেমিফাইনালের ফিরতি লেগে আবার মুখোমুখি হবে দুই দল। চার গোলের বিশাল ব্যবধান পুষিয়ে দেওয়া যে কঠিন চ্যালেঞ্জ, তা মানছেন সবাই। তবে ম্যাচটি হবে বার্সেলোনার নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে। ঘরের দর্শকদের সমর্থন আর পরিচিত পরিবেশ- এই দুই শক্তিকে ভরসা করে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছেন ফ্লিক।
হিমালয়সম বাধা সামনে, কিন্তু ফুটবলে অসম্ভব বলে কিছু নেই; এই বিশ্বাস নিয়েই দ্বিতীয় লেগের অপেক্ষায় বার্সা শিবির।