কয়েক দিন পরই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। মুসলিম খেলোয়াড়দের ইফতারের সুযোগ দিতে ম্যাচ চলাকালীন সংক্ষিপ্ত বিরতি রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবল লিগ কর্তৃপক্ষ। আগের বছরগুলোর মত এবারও সূর্যাস্তের সময় কাছাকাছি থাকা ম্যাচগুলোতে এই নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাজ্যে সূর্যাস্ত সাধারণত বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে হয়। ফলে শনিবার বিকেল সাড়ে ৫টা ও রোববার বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া ম্যাচগুলোতে বিরতির সম্ভাবনা বেশি।
নিয়ম অনুযায়ী, খেলা চলমান অবস্থায় থামানো হবে না। গোলকিক, ফ্রি-কিক বা থ্রো-ইনের মতো স্বাভাবিক বিরতির সময় অল্প সময়ের জন্য ম্যাচ থামানো হবে, যাতে খেলোয়াড় বা ম্যাচ কর্মকর্তা রোজা ভেঙে হালকা পরিসরে ইফতার করতে পারেন। ম্যাচের আগে দল ও রেফারিরা আলোচনা করে ঠিক করবেন বিরতি লাগবে কি না এবং আনুমানিক সময়ও নির্ধারণ করা হবে।
এই প্রথা প্রথম চালু হয় ২০২১ সালে, যখন লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচে গোলকিকের সময় সংক্ষিপ্ত বিরতি দিয়ে খেলোয়াড়দের রোজা ভাঙার সুযোগ দেওয়া হয়েছিল। বর্তমানে ইংলিশ ফুটবলে অনেক মুসলিম তারকা খেলেন, তাদের মধ্যে আছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ, আর্সেনালের উইলিয়াম সালিবা, ম্যান সিটির রায়ান আইত-নুরি, ম্যানচেস্টার ইউনাইটেডের আমাদ দিয়ালো সহ আরও অনেকে।
সাবেক এভারটন মিডফিল্ডার আব্দুলায়ে দুকুরে ২০২৩ সালে বলেন, ‘প্রিমিয়ার লিগে আপনি নিজের ধর্ম অনুযায়ী চলতে স্বাধীন। তারা কখনই আপনার বিশ্বাসের বিরুদ্ধে কিছু করবে না; এটা দারুণ ব্যাপার।’
এ ছাড়া ২০২২ সালে সাবেক লিভারপুল তারকা সাদিও মানে জানান, রমজানে মুসলিম খেলোয়াড়দের সহায়তা করতে ক্লাব কর্তৃপক্ষ অনুশীলনের সময়সূচিও পরিবর্তন করেছিল। ফুটবল কর্তৃপক্ষের এই উদ্যোগকে খেলোয়াড়দের ধর্মীয় অনুশীলনের প্রতি সম্মান দেখানোর একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।