দুই গোলে এগিয়েও শেষ রক্ষা হলো না আর্সেনালের। নাটকীয় এক ম্যাচে লিগ তালিকায় ২০ নম্বর দল উলভারহ্যাম্পটনের সঙ্গে ২-২ গোলে ড্র করে মূল্যবান দুই পয়েন্ট হারিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মারল ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটি।
২৭ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে এখনও টেবিলের শীর্ষে আছে মিকেল আর্টেটার শিষ্যরা। তবে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান এখন মাত্র ৫ পয়েন্ট। সিটি তাদের পরের ম্যাচ জিতলেই সেই ব্যবধান নেমে আসবে দুই পয়েন্টে।
মোলিনাক্স স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্সেনাল। মাত্র ৫ মিনিটেই বুকায়ো সাকার হেডে লিড নেয় তারা। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা গানাররা দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে; পিয়েরো ইঙ্কাপিয়ে বক্সে ঢুকে নিচু হয়ে যাওয়া গোলরক্ষকের মাথার ওপর দিয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন।
তবে দুই গোলের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। পাঁচ মিনিটের মধ্যেই হুগো বুয়েনো বক্সের মাথা থেকে বাঁকানো শটে ব্যবধান কমান। ম্যাচ গড়ায় উত্তেজনাপূর্ণ সমাপ্তির দিকে। ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে টম এডোজির শট বারে লেগে ফিরে এলে বলটি রিকার্দো কালাফিওরির গায়ে লেগে জালে জড়ায়! আত্মঘাতী সেই গোলেই সমতায় ফেরে উলভস।
ফলে পরপর দুই ম্যাচে পয়েন্ট হারাল আর্সেনাল। চলতি মৌসুমে এক সময় ৯ পয়েন্টের লিড থাকা দলটি এখন বেশ চাপে আছে। টেবিলের তলানিতে থাকা এবং এবারের লিগে মাত্র এক ম্যাচ জেতা উলভসের বিপক্ষে এমন ফল শিরোপা দৌড়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।
ম্যাচ শেষে হতাশ বুকায়ো সাকা বলেন, প্রথম ও দ্বিতীয়ার্ধে তাদের খেলায় বড় পার্থক্য ছিল। নিজেদের মান ধরে রাখতে না পারার খেসারতই দিতে হয়েছে। তার মতে, এখন নিজেদের পারফরম্যান্সে উন্নতি করাই একমাত্র পথ।