অবশেষে অপেক্ষার অবসান হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দলের । বড় মঞ্চে নিজেদের প্রমাণের লড়াই শুরু করতে আজ রাতে ঢাকা ছাড়ছেন আফঈদা খন্দকার ও ঋতুপর্ণা চাকমারা। আগামী ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার তিন শহরে অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপ খেলতেই তাদের এই যাত্রা।
গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ ৯ বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, তিনবারের শিরোপাজয়ী চীন এবং উজবেকিস্তান। সিডনিতে ৩ মার্চ নিজেদের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে মাঠে নামবে পিটার বাটলারের নেতৃত্বাধীন দল।
প্রথমবার এশিয়ান কাপে অংশ নেওয়ার সুযোগে দলের ভেতরে স্পষ্ট উত্তেজনা বিরাজ করছে। অনুশীলনের ফাঁকে ঋতুপর্ণা সামাজিক মাধ্যমে রিকশায় চড়ার ছবি পোস্ট করে অস্ট্রেলিয়া যাত্রার খবর জানিয়েছেন।
অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ শেষে পুরো দলকে একত্র করে প্রস্তুতি শুরু করেছেন কোচ বাটলার। দলে আছেন সুইডেনপ্রবাসী আনিকা। তবে বড় আসরের আগে বিদেশে ক্যাম্প আয়োজন করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রাথমিকভাবে থাইল্যান্ডে ক্যাম্পের পরিকল্পনা থাকলেও তা বাতিল হওয়ায় সরাসরি অস্ট্রেলিয়ায় উড়াল দিচ্ছেন মনিকা চাকমা ও মারিয়া মান্দারা। সেখানে স্থানীয় কোনো ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে।
গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে বাংলাদেশের মূল লক্ষ্য ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে জয় নিশ্চিত করা।