দোকানপাট ও শপিংমল (বিপণিবিতান) খোলা রাখার সময়সীমা বাড়িয়ে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত করেছে সরকার। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ দোকান মালিক সমিতি বৃহস্পতিবার (১১ জুন) বেলা ২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ মোবাইল ফোনে দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের সঙ্গে কথা বলেন। এ সময় মন্ত্রী বৃহস্পতিবার থেকে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার বিষয়টি জানিয়েছেন। এই সিদ্ধান্তের জন্য দোকান মালিক সমিতির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ধন্যবাদ জানান।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকটের পরিপ্রেক্ষিতে গত ৩ এপ্রিল দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৬টায় বন্ধ করার সিদ্ধান্ত কার্যকর হয়। পরে সমিতির অনুরোধে সেই সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়। এরপর পবিত্র ঈদুল আজহার আগে দোকানপাট ও বিপণিবিতান খোলার সময়সীমা শিথিল করে সরকার। ঈদের পর আবার সন্ধ্যা ৭টায় দোকানপাট ও বিপণিবিতান বন্ধে কড়াকড়ি আরোপ করা হয়। তবে ব্যবসায়ীরা দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার দাবি জানান। এরপর সরকার বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে বলে সিদ্ধান্ত নিলো।