দেশের বাজারে বেড়েছে সোনার দাম। এক হাজার ৬৩৩ টাকা বেড়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২১ হাজার ৪৪১ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় এই দাম বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সকাল সাড়ে ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২১ হাজার ৪৪১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১১ হাজার ৪৬৮ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৩৪১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮১ হাজার ৬০৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা।
এর আগে, গত ১৪ জুলাই সকাল ১০টা থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি দুই হাজার ৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় দুই লাখ নয় হাজার ৮৯৪ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার ৬০৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম চার হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম তিন হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম দুই হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।