দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ চার হাজার ৩৭৪ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, শনিবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। যা শুক্রবার ছিল দুই লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৩ হাজার ৫৪১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ৯১ হাজার ৯৩১ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম এক লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।
এর আগে, গত ৬ আগস্ট দেশের বাজারে ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ নয় হাজার ৮৫৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়। পরদিন ৭ আগস্ট নতুন দাম নির্ধারণ করে ভরিতে তিন হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়।