ইসরায়েলে ইরানের পাল্টা হামলার পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চলেও। বাহরাইন, কুয়েত ও আবুধাবিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার জবাবে ইরান ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। এর মধ্যে কয়েকটি মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে উত্তরাঞ্চলে আঘাত হানে। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে সংশ্লিষ্ট এলাকা।
এরপর উপসাগরীয় কয়েকটি দেশ থেকেও বিস্ফোরণের খবর আসতে শুরু করে। বাহরাইন সরকার নিশ্চিত করেছে, দেশটিতে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের দ্রুত নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়।
শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী হামলা চালায় বলে জানানো হয়। হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ইরানের বিরুদ্ধে ‘পূর্বপরিকল্পিত অভিযান’ শুরু করা হয়েছে এবং ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইরানের ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানা হয়েছে। এছাড়া স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, কারমানসা, লোরেস্তান তেবরিজ, ইস্ফাহান এবং কারাজ শহরেও হামলার ঘটনা ঘটেছে।