ইরানের হামলায় বাহরাইনে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটি ধ্বংস হয়েছে বলে খবর প্রকাশিত হচ্ছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পর্কিত ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত ফুটেজে দেখা যাচ্ছে, দূরবর্তী লক্ষ্যবস্তুতে একের পর এক রকেট বিস্ফোরিত হচ্ছে।
সংস্থাটি দাবি করেছে, আইআরজিসির ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ঈসা অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে একটি কমান্ড ও স্টাফ বিল্ডিং ধ্বংস হয়েছে এবং জ্বালানির ট্যাংকে বিস্ফোরণ ঘটেছে।
অবশ্য এই হামলার বিষয়ে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটি থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গিয়েছিল।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাহরাইনসহ ওই অঞ্চলের আরও এক ডজন দেশ থেকে তাদের নাগরিকদের অবিলম্বে ফিরে আসার নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত আমেরিকানদের দ্রুততম সময়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার সকালে বাহরাইনের শেখ ঈসা অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে ‘বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা’ চালানো হয়েছে বলে আইআরজিসি জানিয়েছে।
তাদের দাবি, ২০টি ড্রোন ও তিনটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানঘাঁটির প্রধান কমান্ড ও সদর দপ্তর ভবন ধ্বংস করা হয়েছে এবং জ্বালানি ট্যাংকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় বাহরাইন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা।