‘যুদ্ধে আহত’ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে ‘নিরাপদ ও সুস্থ’ আছেন। বুধবার (১১ মার্চ) নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে ইরান সরকারের উপদেষ্টা এবং প্রেসিডেন্টের ছেলে ইউসেফ পেজেশকিয়ান এ কথা জানিয়েছেন।
পোস্টে পেজেশকিয়ান বলেন, ‘আমি মোজতবা খামেনির আহত হওয়ার খবর শুনেছিলাম। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি, আল্লাহর রহমতে তিনি সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।’
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ৫৬ বছর বয়সী খামেনিকে ‘রমজান যুদ্ধের আহত অভিজ্ঞ যোদ্ধা’ হিসেবে অভিহিত করলেও তার আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
তিন দিন আগে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে তার ছেলে মোজতবা খামেনিকে জনসম্মুখে দেখা যায়নি। তার বর্তমান অবস্থান ও স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যেই এই মন্তব্য এল।
দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, ইরানে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলার প্রথম দিনেই মোজতবা খামেনি আহত হয়েছিলেন। পরিচয় গোপন রাখার শর্তে তিনজন ইরানি এবং দুজন ইসরায়েলি কর্মকর্তা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান