ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে কোথায় আছেন, আদৌ বেঁচে আছেন কি না— তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা।
এর সূত্রপাত শুক্রবার (১৩ মার্চ) প্রকাশ হওয়া নেতানিয়াহুর একটি ভিডিও; যেখানে তার ডান হাতে ছয়টি আঙুল দেখা গেছে।
অনেক নেটিজেনের দাবি, ভিডিওটি আসল নয়; কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেন নেতানিয়াহু। সেখানে তিনি ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার যুদ্ধ নিয়ে কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভিডিওটি লাখ লাখ মানুষ দেখেছেন। অনেকে ‘এআই-এর চিরচেনা আঙুলের ত্রুটি’ বা ‘তার (বেনিয়ামিন নেতানিয়াহু) হাতের দিকে ভালো করে তাকান’— এমন সব ক্যাপশন দিয়ে ভিডিওটি শেয়ার করে সন্দেহ প্রকাশ করছেন।
অনেক ব্যবহারকারী, যাদের বেশিরভাগেরই অ্যাকাউন্ট ভেরিফাইড নয়, তারা দাবি করেন, নেতানিয়াহু ‘মারা গেছেন’।
তবে এক্সের এআই চ্যাটবট গ্রোক এমন দাবিকে মিথ্যা বলে নাকচ করে দিয়েছে।
এক ব্যবহারকারী হিব্রু ভাষায় লিখেছেন, ‘হে বিবি (নেতানিয়াহুর ডাকনাম), তুমি কি এতই বিশেষ যে তোমার হাতে ৬টি আঙুল? নাকি তুমি অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছো?’
এমনকি যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যান্ডেস ওয়েন্সও এই বিতর্কে যোগ দিয়ে প্রশ্ন করেছেন, ‘বিবি কোথায়?’
তিনি এক পোস্টে লেখেন, ‘কেন তার দপ্তর থেকে ভুয়া এআই ভিডিও প্রকাশ করে আবার ডিলিট করা হচ্ছে? আর কেনই বা হোয়াইট হাউসে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে?’