ভিয়েতনামের ঐতিহাসিক পর্যটন কেন্দ্রে বজ্রঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যয়; শিশুদেরও প্রাণহানি, চলছে উদ্ধার অভিযান
ভিয়েতনামের বিখ্যাত পর্যটন কেন্দ্র হা লং বে-তে ভয়াবহ বজ্রঝড় ও শিলাবৃষ্টির মধ্যে পর্যটকবাহী একটি নৌকা ডুবে গিয়ে অন্তত ৩৪ জনের প্রাণহানি ঘটেছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এবং সংবাদ সংস্থা ভিএনএক্সপ্রেস জানিয়েছে, শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ডুবন্ত নৌকাটিতে মোট ৫৩ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে ৪৮ জন ছিলেন যাত্রী এবং ৫ জন নৌকাকর্মী। যাত্রীদের বেশিরভাগই রাজধানী হ্যানয় থেকে আগত পর্যটক পরিবার তাদের মধ্যে ২০ জনের বেশি শিশু ছিল। হঠাৎ করেই শুরু হওয়া প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে নৌকাটি উল্টে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর ২টার দিকে আকাশ হঠাৎ অন্ধকার হয়ে যায় এবং শুরু হয় আঙুল সমান বড় শিলাবৃষ্টি, প্রবল বৃষ্টি ও বজ্রপাত। এরপরই নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায় সবুজ জলরাশির মাঝে।
হা লং বে অঞ্চলের সীমান্ত রক্ষীরা জানিয়েছেন, তারা এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করেছেন এবং উদ্ধার করা মরদেহের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৮ জন। উদ্ধার অভিযান সারারাত চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উদ্ধারপ্রাপ্ত ১০ বছর বয়সী এক শিশু জানান, ‘‘আমি গভীর শ্বাস নিয়ে পানির নিচ দিয়ে সাঁতরে একটি ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে আসি। পরে সেনাসদস্যদের একটি নৌকা আমাকে টেনে তোলে।’’
দেশটির আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের পরিচালক মাই ভান খিয়েম জানান, এই বজ্রঝড়টি দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ট্রপিকাল স্টর্ম ‘উইফা’র সঙ্গে সম্পৃক্ত নয়। তিনি আরও বলেন, গত তিনদিন ধরেই অঞ্চলটিতে তীব্র তাপপ্রবাহ চলছিল, কোথাও কোথাও তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।
প্রসঙ্গত, হা লং বে ইউনেস্কোর স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় এই পর্যটন এলাকায় প্রতিবছর লাখ লাখ পর্যটক ভিড় করেন এর মনোমুগ্ধকর চুনাপাথরের দ্বীপপুঞ্জ ও নীল জলরাশি উপভোগ করতে।