ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানির নিজের এক্স অ্যাকাউন্ট অনুযায়ী, গত ১৩ মার্চ তেহরানে ‘আল কুদস দিবসের’ মিছিলে তাকে সর্বশেষ জনসম্মুখে দেখা গিয়েছিল। এক্সে পোস্ট করা ছবিতে তাকে রাস্তায় সমর্থকদের উদ্দেশে হাত নাড়তে এবং কথা বলতে দেখা যায়।
বিশ্বজুড়ে মুসলমানরা রমজান মাসের শেষ শুক্রবার ‘আল কুদস দিবস’ পালন করেন। ফিলিস্তিনের স্বাধীনতা ও জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ রক্ষার আহ্বানের প্রতীক এই দিন।
‘আল কুদস দিবসের’ ঠিক আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটি বিদ্রুপাত্মক পোস্ট করেছিলেন লারিজানি।
তিনি লিখেছিলেন, ‘ট্রাম্প বলছেন, তিনি দ্রুত বিজয় খুঁজছেন। মনে রাখা উচিত, যুদ্ধ শুরু করা সহজ হলেও মাত্র কয়েকটি টুইট দিয়ে তা জয় করা সম্ভব নয়।’
এসময় ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান ট্রাম্পকে হুমকি দিয়ে বলেন, ‘আপনার এই মারাত্মক ভুল হিসাবের জন্য আপনাকে অনুতপ্ত না করা পর্যন্ত আমরা থামব না।’
এর আগে গত ১০ মার্চ আরেক পোস্টে লারিজানি বলেছিলেন, ট্রাম্পের ‘হুমকিতে’ ভীত নয় ইরান।
‘আপনার (ডোনাল্ড ট্রাম্প) চেয়েও বড়রা ইরানি জাতিকে নিশ্চিহ্ন করতে পারেনি। সাবধানে থাকুন, যাতে আপনি নিজেই নিশ্চিহ্ন না হয়ে যান,’ বলেন তিনি।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ মঙ্গলবার (১৭ মার্চ) দাবি করেছেন, আলী লারিজানি সোমবার রাতে তাদের হাতে ‘নিহত’ হয়েছেন।
তথ্যসূত্র: বিবিসি