আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ফিলিস্তিনিরা। এর আগে টানা ২১ দিনের মতো বন্ধ রাখা হয় এই গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাটি, ফলে শত শত মুসল্লিকে আশপাশের সড়কে নামাজ আদায় করতে হয়। কাতার নিউজ এজেন্সি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাব আল সাহিরা এলাকায় কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করা হয়। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অন্তত একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
এদিকে এত বাধা সত্ত্বেও ফিলিস্তিনিরা আশপাশের বিভিন্ন স্থানে জড়ো হয়ে নামাজ আদায় করেন এবং ঈদের তাকবির ধ্বনি দেন।
জেরুজালেম কর্তৃপক্ষ এ ঘটনাকে ধর্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘন এবং উত্তেজনা বৃদ্ধির একটি বড় উদাহরণ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে তারা দ্রুত আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।