মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইরানে হাজারো মুসল্লি শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে এমন চিত্র দেখা গেছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শিয়া-প্রধান দেশ ইরান মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশের একদিন পর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে। উল্লেখ্য, অধিকাংশ মুসলিম দেশই সুন্নি সংখ্যাগরিষ্ঠ।
শনিবার ভোরে রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে বিপুল সংখ্যক মুসল্লি নামাজ আদায়ের জন্য জড়ো হন। এই মসজিদটির নামকরণ করা হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নামে।
স্থান সংকুলান না হওয়ায় অনেক মুসল্লি মসজিদের বাইরে নামাজ আদায় করেন। হামলার ঝুঁকি থাকা সত্ত্বেও মসজিদের আশপাশের এলাকায় মুসল্লিদের ভিড়ের চিত্র দেখা গেছে রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে।
এছাড়া দেশটির বিভিন্ন স্থানেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে কেন্দ্রীয় শহর আরাক, দক্ষিণ-পূর্বাঞ্চলের জাহেদান এবং পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে নামাজের দৃশ্য সম্প্রচার করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাজধানী তেহরান প্রায় প্রতিদিনই বোমা হামলার মুখোমুখি হচ্ছে। এই হামলায় দেশটির সর্বোচ্চ নেতাসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন।
বার্তা সংস্থা ফার্স-এর তথ্যানুযায়ী, রাতভর বিমান হামলা চালানো হয়েছে তেহরানের বিভিন্ন জেলা ও শহরতলি এবং কেন্দ্রীয় শহর ইসফাহানে।