মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই কাতারে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। নিয়মিত মিশন পরিচালনার সময় দেশটির জলসীমায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ইতোমধ্যে হেলিকপ্টারটির ক্রু ও যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে।
গালফ নিউজ জানিয়েছে, ‘কারিগরি ত্রুটির’ কারণে কাতারের সামরিক বাহিনীর ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় ইতোমধ্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে হেলিকপ্টারটিতে মোট কতজন যাত্রী ও ক্রু ছিলেন সে বিষয়ে নির্দিষ্টভাবে কোনো তথ্য জানায়নি কাতার।
দুর্ঘটনার পর এক বিবৃতিতে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষায়িত দলগুলো বর্তমানে দেশটির জলসীমার মধ্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে। সেই সঙ্গে সমন্বিত কার্যক্রম নিশ্চিতে ইউনিটগুলোর মধ্যে সমন্বয় অব্যাহত রয়েছে এবং তারা নির্ধারিত অনুসন্ধান এলাকাগুলোয় কাজ করছে।
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পর মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাত জোরালো হলে কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাটি লক্ষ্য করে অসংখ্য হামলা চালিয়েছে ইরান। যদিও ইরানের ছোড়া বেশিরভাগ মিসাইল ও ড্রোন আল-উদেইদে কাতারের লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানতে পারেনি। ইরানের এমন হামলার মধ্যেই কাতারের সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটল। যদিও কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটি।