জাতিসংঘের এক বিশেষজ্ঞ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ইসরায়েলকে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালানোর ‘লাইসেন্স’ বা অনুমতি দিয়ে দিয়েছে। এর ফলে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জীবন এখন এক ‘অবিরাম শারীরিক ও মানসিক যন্ত্রণার’ নাম।
১৯৬৭ সাল থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজ সোমবার (২৩ মার্চ) ‘নির্যাতন ও গণহত্যা’ শীর্ষক এক প্রতিবেদনে এসব কথা বলেছেন।
জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে নিজের সর্বশেষ প্রতিবেদনটি পেশ করার সময় তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের নির্যাতন করা ইসরায়েলের রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে। ইসরায়েলকে প্রকৃতপক্ষে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালানোর লাইসেন্স দেওয়া হয়েছে, কারণ আপনাদের বেশিরভাগ দেশের সরকার এবং মন্ত্রীরা এর অনুমতি দিয়েছেন।’
প্রতিবেদনে আলবানিজ বলেন, ‘একসময় যা আড়ালে করা হতো, এখন তা প্রকাশ্যে চর্চা করা হচ্ছে। এটি মূলত সুসংগঠিত অবমাননা, যন্ত্রণা এবং অবদমন করার এক শাসনব্যবস্থা, যা উচ্চ রাজনৈতিক স্তর থেকে অনুমোদিত।’
প্রতিবেদনে বলা হয়, ‘ফিলিস্তিনে নির্যাতন এখন আর কেবল অন্ধকার প্রকোষ্ঠ বা জিজ্ঞাসাবাদ কক্ষের মধ্যে সীমাবদ্ধ নেই। গণউচ্ছেদ, অবরোধ, খাদ্য ও সহায়তা বঞ্চিত করা, সামরিক বাহিনী ও বসতি স্থাপনকারীদের লাগামহীন সহিংসতা এবং সার্বক্ষণিক নজরদারি ও ত্রাসের সম্মিলিত প্রভাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড এখন এক গণ-শাস্তির কেন্দ্রে পরিণত হয়েছে।
‘সেখানে জীবনধারণের স্বাভাবিক পরিবেশ ধ্বংস করার মাধ্যমে যে জেনোসাইড বা গণহত্যামূলক সহিংসতা চালানো হচ্ছে, তা মূলত ফিলিস্তিনিদের ওপর দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক নির্যাতনের হাতিয়ার হিসেবে কাজ করছে।’
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি কর্মকাণ্ড এবং গাজায় চলমান যুদ্ধের তীব্র সমালোচক আলবানিজ। এজন্য তাকে বিভিন্ন সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তোপের মুখে পড়তে হয়েছে।
এমনকি আলবানিজকে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও দিনকে দিন জোরালো হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৭২ হাজার ২৬৩ জন নিহত এবং ১ লাখ ৭১ হাজার ৯৪৪ জন আহত হয়েছেন।
তথ্যসূত্র: আল জাজিরা