ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের লক্ষ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে কাতার ও ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি সপ্তাহে উপসাগরীয় দেশগুলোতে তার ঝটিকা সফরের অংশ হিসেবে বেশ কিছু বৈঠক ও চুক্তির পর এই সর্বশেষ পদক্ষেপটি নিলেন।
শনিবার (২৮ মার্চ) কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, উভয় পক্ষ এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রি নাতভ এবং কাতারের সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জসিম বিন মোহাম্মদ আল-মান্নাই এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এই চুক্তির ফলে প্রযুক্তিগত সহযোগিতার পাশাপাশি প্রতিরক্ষা খাতে বিনিয়োগের পথ সুগম হবে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর গত এক মাসে যেসব উপসাগরীয় দেশ হামলার শিকার হয়েছে, ইউক্রেন তাদের সহযোগিতা করতে চায়। ইউক্রেন মূলত ড্রোন প্রযুক্তিতে তাদের দক্ষতার জন্য পরিচিত।
বিনিময়ে কিয়েভ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কাতারের মতো ধনী ও সামর্থ্যবান মিত্রদের আরও বেশি সমর্থন প্রত্যাশা করছে। বিশেষ করে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের পুরো মনোযোগ অন্য দিকে (ইরান যুদ্ধ) নিবদ্ধ।