কুয়েতে একটি পানি শোধনাগারে (ডিস্যালিনেশন প্ল্যান্টে) শুক্রবার ভোরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কুয়েত সরকারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমা আব্বাস জওহর হায়াত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ইরানের হামলায় শোধনাগারটির বেশ কিছু অংশের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
একই দিনে আবুধাবিতে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সময় সেটির ধ্বংসাবশেষ পড়ে একটি গ্যাসকেন্দ্রের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে শহরটির তথ্য কেন্দ্র।
এর আগে গত সোমবার কুয়েতের একটি পানি শোধনাগারে ইরানের আরেক হামলায় একজন শ্রমিক নিহত হন বলে জানিয়েছিল দেশটির জ্বালানি মন্ত্রণালয়।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে।
এসব হামলায় বন্দর, কারখানা ও পানি শোধনাগারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত মাসেও বাহরাইনের একটি পানি শোধনাগারে ইরানি ড্রোন হামলায় ক্ষয়ক্ষতি হয়েছিল।
বিশুদ্ধ পানির চরম সংকট থাকা উপসাগরীয় অঞ্চলে এ ধরনের হামলা সেখানকার অধিবাসীদের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
ওই অঞ্চলের প্রায় ১০ কোটি মানুষ সুপেয় পানির জন্য পানি শোধনাগারগুলোর ওপর নির্ভরশীল।
তথ্যসূত্র: সিএনএন