যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ ছড়িয়ে পড়লে তা কেবল বিবদমান দেশগুলোর জন্যই নয়, বরং বিশ্ব অর্থনীতির জন্যও ‘বিপর্যয়’ ডেকে আনবে।
রোববার (৫ এপ্রিল) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সতর্কবার্তা দিয়েছেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক আমিন সাইকাল।
তিনি বলেন, ‘এ ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়লে তা পুরো অঞ্চলকে নরককুণ্ডে পরিণত করবে। উভয় পক্ষই তাদের লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর। কিন্তু আমার মনে হয় না, এই যুদ্ধ চালিয়ে যাওয়া সমস্যার প্রকৃত কোনো সমাধান হতে পারে।’
বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, ‘এর কোনো না কোনো সমঝোতামূলক সমাধান হওয়া প্রয়োজন। তবে এই মুহূর্তে কূটনৈতিক সমাধানের পথ খুবই সংকীর্ণ মনে হচ্ছে; যদি না প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, এই সংঘাত তার জন্য অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে বড় ধরনের সমস্যার সৃষ্টি করছে, যার ফলে ইরানিদের সঙ্গে আপস করা জরুরি হয়ে পড়েছে।’