দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত এলাকার ছবি শেয়ার করায় সংযুক্ত আরব আমিরাতে এক ব্রিটিশ কেবিন ক্রু গ্রেপ্তার হয়েছেন।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, ২৫ বছর বয়সী ওই কেবিন ক্রু দুবাই বিমানবন্দরের কাছে ক্ষয়ক্ষতির একটি ছবি ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেন। সেখানে তিনি তার সহকর্মীদের কাছে জানতে চেয়েছিলেন, ওই এলাকা দিয়ে যাতায়াত করা নিরাপদ হবে কি না। এরপরই তাকে আটক করা হয়।
প্রতিবেদনে বলা হয়, আটকের দুবাই কর্তৃপক্ষ ওই ক্রুর ফোন তল্লাশি করে এবং দেশটির কঠোর সাইবার অপরাধ আইনে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে। দোষী সাব্যস্ত হলে তাকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৫৪ হাজার ডলারের (প্রায় ২ লাখ দিরহাম) বেশি জরিমানা গুনতে হতে পারে।
সাজা ভোগের পর তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর আমিরাতে যে গণগ্রেপ্তারের ঢেউ চলছে, তারই অংশ হিসেবে গ্রেপ্তার হলেন ওই ব্রিটিশ কেবিন ক্রু।