টানা পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর পবিত্র আল-আকসা মসজিদে শুক্রবার জুমার নামাজ আদায় করতে হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লি সমবেত হন।
ইসরায়েল গত বুধবার ঘোষণা দেয়, অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ ও খ্রিষ্টধর্মের অন্যতম পবিত্র স্থান চার্চ অব দ্য হোলি সেপালকার পরদিন সকালে খুলে দেওয়া হবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের পরিপ্রেক্ষিতে আরোপিত কড়াকড়ির কারণে দীর্ঘ ৪০ দিন পর এই ধর্মীয় উপাসনালয়গুলোতে প্রবেশের অনুমতি দেওয়া হলো।
নিরাপত্তাব্যবস্থার অজুহাত দেখিয়ে গত ২৮ ফেব্রুয়ারি উভয় পবিত্র স্থান বন্ধ করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। এ কারণে মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজও আদায় করতে পারেননি মুসল্লিরা। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর এমন ঘটনা এই প্রথম ঘটল।
তুরস্কের আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ বিরতির পর মসজিদে ফেরার আকুলতা থেকে শুক্রবার ভোর থেকেই ঢল নামে মানুষের। আল-আকসার প্রাঙ্গণ নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
মসজিদটি বন্ধ থাকাকালে ফিলিস্তিনিরা সেখানে প্রাত্যহিক নামাজ আদায় করতে পারেননি। এর ফলে গত ৬, ১৩, ২০ ও ২৭ মার্চ এবং ৩ এপ্রিল—টানা পাঁচটি জুমার নামাজ আদায় থেকে বঞ্চিত ছিলেন তারা।