ইরানি নেতৃত্বের সঙ্গে এক ঐতিহাসিক আলোচনায় অংশ নিতে শনিবার (১১ এপ্রিল) সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও তার উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এর আগে শুক্রবার মধ্যরাতের পর ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের নেতৃত্বে ইরানি প্রতিনিধিদল রাজধানী শহরটিতে পৌঁছায়।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের মধ্যে ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়।
দুই সপ্তাহের এই বিরতি চলাকালে শনিবার দুই পক্ষ সরাসরি আলোচনায় বসছে। এই সংঘাত এরই মধ্যে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও বড় ধরনের আঘাত হেনেছে।
শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে রওনা দেওয়ার আগ মুহূর্তে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স সাংবাদিকদের বলেছিলেন, তিনি এই আলোচনার ব্যাপারে আশাবাদী। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি কোনো ধরনের ‘চালাকি’ করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র তা কোনোভাবেই মেনে নেবে না।
পাকিস্তানের আয়োজনে এই আলোচনা ঠিক কতদিন চলবে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সময়সূচি পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলোচনা শনিবার সারাদিন চলবে। তবে ভ্যান্সের ইসলামাবাদে পৌঁছাতে কিছুটা দেরি হওয়ায় তা অন্তত রোববার পর্যন্ত গড়াতে পারে।
অন্যদিকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, গত সপ্তাহে যুদ্ধবিরতি ঘোষণার পর এই আলোচনা পরবর্তী ১৫ দিন পর্যন্ত চলতে পারে।
তথ্যসূত্র: ডন ও আল জাজিরা