পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যখন আলোচনার তোড়জোড় চলছে, ঠিক তখনই লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে ইসরায়েল।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শনিবার (১১ এপ্রিল) দাবি করে, গত ২৪ ঘণ্টায় তারা লেবাননে হিজবুল্লাহর দুই শতাধিক অবস্থানে আঘাত হেনেছে।
আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বিমান বাহিনী দক্ষিণ লেবাননে স্থল অভিযানে থাকা বাহিনীকে সহায়তা দিতে আরও জোরালো হামলা চালাচ্ছে। ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণ ঠেকাতে হিজবুল্লাহর রকেট লঞ্চারগুলো লক্ষ্য করে এই অভিযান চালানো হচ্ছে বলেও উল্লেখ করা হয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের এ অভিযানে অন্তত ছয়জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
অন্যদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় আপার গ্যালিলিতে একটি আকাশযান অনুপ্রবেশের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে সেটি কোথা থেকে বা কারা পাঠিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।