কড়া নজরদারির মাঝেও হরমুজ প্রণালিতে গত রাত থেকে চারটি জাহাজের চলাচল শনাক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্টকম বাংলাদেশ সময় সোমবার (১৩ এপ্রিল) রাত ৮টা থেকে হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলো অবরোধ করার ঘোষণা দেওয়ার পর বিবিসি ভেরিফাই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পর্যবেক্ষণ করছে।
যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী, উল্লিখিত সময়ের (গ্রিনিচ সময় দুপুর ২টা) পর থেকে ইরানের বন্দরগুলোতে যেসব নৌযান প্রবেশ করবে ও বের হবে, সেগুলোর ওপর কার্যকর করা হবে।
যুক্তরাজ্যের সময় অনুযায়ী রোববার রাত ৯টা ৫২ মিনিটে সেন্টকম তাদের বিবৃতি দেওয়ার পর থেকে মেরিন ট্র্যাফিকের দেওয়া ট্র্যাকিং ডেটা বলছে যে, সেই থেকে চারটি জাহাজকে প্রণালিটি অতিক্রম করতে দেখা গেছে। সবগুলোকেই ট্যাঙ্কার হিসেবে শনাক্ত করা হয়েছে। এগুলো তেল, গ্যাস বা রাসায়নিক বহন করছে।
তবে এসব জাহাজের সঙ্গে ইরানের কোনো সংযোগ পায়নি বিবিসি এবং এগুলোর কোনটি ইরানের বন্দর থেকে এসেছে বা ইরানের কোনো বন্দরে যাচ্ছে, এরকম কোনো তথ্যও পাওয়া যায়নি।
এ ছাড়া, জাহাজগুলোয় যে ধরনের তথ্য পাঠানো হয়েছে, এই প্রতিবেদন সেই তথ্যের ভিত্তিতেই লেখা হয়েছে। এই চারটি জাহাজের কোনোটিই তাদের গন্তব্য হিসেবে ইরানি বন্দরের নাম উল্লেখ করেনি।