সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে যিশু-সদৃশ চরিত্রে উপস্থাপন করে তৈরি একটি এআই ছবি পোস্টের মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তার সমর্থক, ধর্মীয় রক্ষণশীলদের একাংশও এ নিয়ে আপত্তি জানায়। পরে সোমবার (১৩ এপ্রিল) সকালে পোস্টটি মুছে ফেলেন তিনি।
ট্রাম্পের নিজ মালিকানাধীন ট্রুথ সোশালে দেওয়া ওই পোস্টটি এমন সময় আসে, যখন পোপ লিও-এর সঙ্গে তার বিরোধ তীব্র আকার ধারণ করেছে।
পোপ লিও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধকে অমানবিক বলে সমালোচনা করেন। এর আগে ট্রাম্প এক পোস্টে পোপকে অপরাধ দমনে দুর্বল ও পররাষ্ট্রনীতিতে ব্যর্থ বলে আখ্যা দেন।
এর জবাবে পোপ লিও বলেন, তিনি ট্রাম্প প্রশাসনকে ভয় পান না এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলা অব্যাহত রাখবেন। সোমবার আলজিয়ার্সে এক বক্তব্যে তিনি নব্য ঔপনিবেশিক শক্তিগুলোর আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নিন্দা জানান, যদিও সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেননি।
রোববারের পোস্টে ট্রাম্পকে সাদা পোশাকে এক ব্যক্তির মাথায় হাত রেখে ‘আরোগ্য দান’-এর ভঙ্গিতে দেখা যায়। ছবিতে তার এক হাতে উজ্জ্বল গোলক ছিল এবং পেছনে স্ট্যাচু অব লিবার্টি, যুদ্ধবিমান ও ঈগলের উপস্থিতি দেখা যায়।
পোস্টটি ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ধর্মীয় ডানপন্থী ভোটারদের সঙ্গে তার সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই নির্বাচনে ট্রাম্প খ্রিস্টান ভোটারদের বড় অংশের সমর্থন পান। বিশেষ করে ক্যাথলিক ভোটারদের মধ্যে তিনি ৫৬ শতাংশ সমর্থন লাভ করেন, যা আগের নির্বাচনের তুলনায় বেশি।
উল্লেখ্য, এর আগে পোপ পোপ ফ্রান্সিস-এর মৃত্যুর পরও ট্রাম্প নিজেকে পোপের বেশে দেখানো একটি ছবি পোস্ট করে সমালোচনার মুখে পড়েছিলেন।
সাম্প্রতিক সময়ে পোপ লিও ইরান যুদ্ধের কড়া সমালোনা করেছেন ও ট্রাম্পকে যুদ্ধ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘যুদ্ধকে ন্যায্যতা দিতে যিশুর নাম ব্যবহার করা যায় না এবং সংঘাত শুরুকারীদের প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেন না।’
হোয়াইট হাউস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ট্রাম্পের ঘনিষ্ঠ মহল থেকেও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
তথ্যসূত্র: রয়টার্স