মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে একটি চীনা স্যাটেলাইট সংগ্রহ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত ফিন্যান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
ব্রিটিশ এই দৈনিক বলছে, ইরানের সামরিক বাহিনীর কিছু ‘ফাঁস হওয়া নথি’ হাতে পেয়েছে তারা। সেই নথিপত্র অনুযায়ী, ২০২৪ সালের শেষের দিকে আইআরজিসি চীনের কাছ থেকে এই স্যাটেলাইট সংগ্রহ করে। এটি মহাকাশে উৎক্ষেপণ করেছিল চীনের কোম্পানি আর্থ আই কোং।
কোম্পানিটির ওয়েবসাইট অনুযায়ী, তারা কক্ষপথে সরাসরি স্যাটেলাইট পৌঁছে দেওয়ার সেবা দিয়ে থাকে।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, নথিপত্রে দেখা গেছে, আইআরজিসিকে বেইজিংভিত্তিক স্যাটেলাইট নিয়ন্ত্রণ ও ডাটা পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান এম্পোস্যাটের বাণিজ্যিক গ্রাউন্ড স্টেশনগুলো ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল।
ফিন্যান্সিয়াল টাইমসের পক্ষ থেকে ওয়াশিংটনে চীনা দূতাবাসের কাছে জানতে চাওয়া হয়েছিল, এম্পোস্যাট ও আইআরজিসির এই সম্পর্কের বিষয়ে চীন সরকার অবগত কি না।
জবাবে দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ‘সংশ্লিষ্ট পক্ষগুলো চীনের বিরুদ্ধে যে জল্পনামূলক এবং পরোক্ষ অপপ্রচার চালাচ্ছে, আমরা তার তীব্র বিরোধিতা করছি।’
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই প্রযুক্তি ব্যবহারের ফলে ইরান তাদের নিজস্ব স্যাটেলাইটের চেয়ে অনেক উচ্চ রেজল্যুশনের ছবি পেয়েছে। এর মাধ্যমে তারা সৌদি আরব, বাহরাইন, ইরাক, কুয়েত, জর্ডান, ওমান ও জিবুতিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর নজরদারি এবং সেগুলোকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা অর্জন করেছে।
সিএনএন এ বিষয়ে আর্থ আই কোং ও এম্পোস্যাটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো পক্ষই তদন্তের বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।