ইরান যেকোনো ধরনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং পুরো অঞ্চলজুড়ে যুদ্ধের স্থায়ী ও পূর্ণাঙ্গ অবসান চায় বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদে।
শুক্রবার (১৭ এপ্রিল) আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো যুদ্ধবিরতি অবশ্যই ‘লেবানন থেকে লোহিত সাগর’ পর্যন্ত সবকটি সংঘাতপূর্ণ অঞ্চলকে অন্তর্ভুক্ত করতে হবে।
একে ইরানের জন্য একটি ‘চূড়ান্ত সীমা’ হিসেবে অভিহিত করেন তিনি।
সাঈদ খাতিবজাদে বলেন, ‘আমরা কোনো সাময়িক যুদ্ধবিরতি গ্রহণ করছি না। এই সংঘাতের চক্র এখনই চিরতরে শেষ হওয়া উচিত।’
হরমুজ প্রণালির বিষয়ে তিনি বলেন, ঐতিহাসিকভাবেই এই জলপথ উন্মুক্ত রয়েছে। এটি ইরানের জলসীমার মধ্যে অবস্থিত হলেও দীর্ঘসময় ধরে সবার জন্য এর প্রবেশাধিকার উন্মুক্ত রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পারস্য উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা সৃষ্টির অভিযোগ তুলে খাতিবজাদে বলেন, তাদের কর্মকাণ্ড বিশ্ব বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
তথ্যসূত্র: আল জাজিরা