ইউরোপের কাছে ‘হয়তো আর ছয় সপ্তাহের মতো উড়োজাহাজের জ্বালানি (জেট ফুয়েল) অবশিষ্ট’ আছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা জানিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরল।
তিনি সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধের প্রভাবে তেল সরবরাহ যদি এভাবে বন্ধ থাকে, তাহলে ‘শিগগিরই’ অসংখ্য ফ্লাইট বাতিল করতে হতে পারে।
ফাতিহ বিরল বলেন, ‘হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় আমরা এ যাবৎকালের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি হয়েছি, যার প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে।’
একসময়ের জনপ্রিয় ব্যান্ড ‘ডায়ার স্ট্রেইটস’-এর নামের সঙ্গে তুলনা করে এক রূপক মন্তব্যে তিনি বলেন, ‘পরিস্থিতি এখন সত্যিই ডায়ার স্ট্রেইট (ভয়াবহ সংকট) রূপ নিয়েছে। বিশ্ব অর্থনীতিতে এর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে। এই পরিস্থিতি যত দীর্ঘায়িত হবে, বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির অবস্থা তত বেশি খারাপ হবে।’
এর সরাসরি প্রভাব হিসেবে ‘পেট্রোল, গ্যাস ও বিদ্যুতের দাম আরও বাড়বে’ বলেও সতর্ক করেন আইইএ প্রধান।
তথ্যসূত্র: আল জাজিরা