যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি ‘চুক্তি হতে যাচ্ছে’, তেহরান ইউরেনিয়াম ‘হস্তান্তরে রাজি হয়েছে’ এবং এর ফলে ওয়াশিংটন ‘বিনামূল্যে তেল ও হরমুজ প্রণালিতে অবাধ যাতায়াতের সুবিধা’ পাবে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে উপহাস করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
ট্রাম্পের সংবাদ সম্মেলনের একটি ভিডিও ক্লিপ শুক্রবার (১৭ এপ্রিল) নিজেদের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম আইআরআইবি বলেছে, মার্কিন নেতা মূলত ‘আকাশকুসুম কল্পনা’ করছেন।
আইআরআইবি ‘শুতুর দার খাব বিনাদ পাম্বে দানেহ’ এই ফারসি প্রবাদও শেয়ার করে; যার অর্থ, উট স্বপ্নে তুলার বীজ দেখে; কখনো সে তা একেবারে গিলে ফেলে, কখনো বা খায় দানা দানা করে। মূলত অবাস্তব কোনো আকাঙ্ক্ষা বা দিবাস্বপ্ন বোঝাতে ইরানিরা এই প্রবাদ ব্যবহার করে থাকে।
অতীতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে উপহাস করে এই প্রবাদ ব্যবহার করেছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় তিনি নিহত হন।
কী বলেছিলেন ট্রাম্প
হোয়াইট হাউসে বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান তাদের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম ‘হস্তান্তরে রাজি’ হয়েছে। যুদ্ধ অবসানে একটি শান্তি চুক্তির ‘খুব কাছাকাছি’ পৌঁছেছে দুই পক্ষ।
ইরানের সঙ্গে আলোচনা ‘ভালোভাবে এগোচ্ছে’ জানিয়ে ট্রাম্প ইঙ্গিত দেন, শিগগিরই একটি বড় ঘোষণা আসতে পারে।
তিনি বলেন, ‘আমার মনে হয় বর্তমানে আমরা অত্যন্ত সফল একটি আলোচনা চালিয়ে যাচ্ছি। যদি এটি ঘটে, তাহলে তা খুব শিগগিরই ঘোষণা করা হবে। এর ফলে আমরা বিনামূল্যে তেল পাবো, হরমুজ প্রণালিতে অবাধ সুবিধা পাবো। সবকিছুই চমৎকার হবে। আর আমার মনে হয়, তেলের দাম আগের চেয়ে অনেক নিচে নেমে আসবে।’
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এদিন তেহরানে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সঙ্গে সাক্ষাতের পর এই মন্তব্য করেছিলেন ট্রাম্প।
তথ্যসূত্র: এনডিটিভি