যুদ্ধবিরতির 'বাকি সময়ের' জন্য হরমুজ প্রণালিকে ‘সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা’ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।
বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘লেবাননে কার্যকর থাকা যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হলো। তবে জাহাজগুলোকে ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থার পূর্বঘোষিত সমন্বিত রুট অনুসরণ করতে হবে।’
গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে তেহরান বিশ্বের ব্যস্ততম এই জাহাজ চলাচলের পথটি বন্ধ রেখেছিল। এর প্রতিক্রিয়ায় চলতি সপ্তাহের শুরুর দিকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের ডাক দেয়।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে।
তথ্যসূত্র: বিবিসি