ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ‘মর্যাদাপূর্ণ’ সমাপ্তি চায়। রোববার (১৯ এপ্রিল) ইরানের ক্রীড়া ও যুব মন্ত্রণালয় পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
এসময় ইরানের জনগণকে ‘রক্তপিপাসু ও বর্বর শত্রুর’ বিরুদ্ধে ‘দৃঢ়ভাবে’ দাঁড়ানোর আহ্বান জানান পেজেশকিয়ান।
প্রেসিডেন্ট বলেন, ইরানকে বর্তমান পরিস্থিতি এমনভাবে সামাল দিতে হবে, যাতে ‘আমাদের যুদ্ধবাজ হিসেবে চিত্রিত করা না হয়, কারণ আমরা কেবল নিজেদের রক্ষা করছি’।
অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপে ইরানি নারী ফুটবল দলের সাফল্য এবং সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনাকারী দুই খেলোয়াড় নিয়ে কথা বলেন ইরানি প্রেসিডেন্ট।
তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় আমাদের মেয়েরা শত্রুকে দাঁতভাঙা জবাব দিয়েছে। শত্রুদের মাধ্যমে বিভ্রান্ত হওয়া সেই দুই প্রিয় মেয়ে যখনই ফিরতে চাইবে, তাদের জন্য আমাদের দুয়ার সবসময় খোলা থাকবে।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এর জবাবে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি রয়েছে এমন আঞ্চলিক দেশগুলোতে হামলা চালায় ইরান।
পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলায় বর্তমানে যুদ্ধ স্থগিত রয়েছে। স্থায়ী শান্তির লক্ষ্যে এর চারদিন পর ১২ এপ্রিল ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা হয়, যা শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি