মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় হরমুজ প্রণালিতে অন্তত দুটি কনটেইনার জাহাজ লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরান। গত সপ্তাহান্তে হরমুজ প্রণালি থেকে একটি ইরানি কনটেইনার জাহাজ জব্দ ও ভারত মহাসাগরে ইরান সংশ্লিষ্ট একটি তেলবাহী জাহাজে মার্কিন বাহিনীর আরোহণের কয়েকদিন পরেই এই পাল্টা হামলার ঘটনা ঘটল।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৭টা ৫৫ মিনিটে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে প্রথম জাহাজটিতে হামলা চালায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সংস্থাটির দাবি, ইরানের নৌযান কোনো ‘সতর্কবার্তা না দিয়েই’ সরাসরি গুলি চালানো শুরু করে।
দ্বিতীয় হামলার শিকার কার্গো জাহাজ কর্তৃপক্ষের বরাতে জানানো হয়, তাদের লক্ষ্য করে গুলি চালানো হয় এবং জাহাজটি বর্তমানে সাগরে স্থির অবস্থায় রয়েছে। এই হামলায়ও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস ও তাসনিম এই হামলার খবর নিশ্চিত করেছে।
ফারস নিউজ দাবি করেছে, ইরান হরমুজ প্রণালির ওপর তাদের আইনগত নিয়ন্ত্রণ প্রয়োগ করছে।
পারস্য উপসাগরের এই সরু নৌপথ দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের ২০ শতাংশ পরিবহন করা হয়। ওমান ও ইরানের জলসীমার মধ্যে অবস্থিত হওয়া সত্ত্বেও এই প্রণালি আন্তর্জাতিক নৌপথ হিসেবে স্বীকৃত।